PRB Post

১৭ আগস্ট, ২০২৬, ১১:৩৮ AMআন্তর্জাতিক

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত : ইসরায়েল

PRB Post

১৭ আগস্ট, ২০২৬ এ ১১:৩৮ AM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত : ইসরায়েল

 

দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। রোববার দক্ষিণ লেবাননের দেইর এজ-জাহরানি এলাকায় লক্ষ্যভিত্তিক হামলায় আবু হাসান আলা নিহত হন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, আবু হাসান আলা হিজবুল্লাহর বদর ইউনিটের গুরুত্বপূর্ণ কমান্ডার ছিলেন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম পরিচালনায় তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে দাবি ইসরায়েলের।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, সপ্তাহান্তে দক্ষিণ লেবাননের আনসার এলাকায় হিজবুল্লাহর একটি সামরিক সদর দপ্তরে হামলার পর আবু হাসান আলাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। এর আগে ওই স্থাপনায় হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একটি ব্যাটালিয়নের কমান্ডার আলি সামির আল-হাজ হাসান নিহত হন বলেও দাবি করেছে ইসরায়েল।

ইসরায়েলি কর্মকর্তারা জানান, ইসরায়েল-লেবানন সীমান্তের ওপারে সংঘর্ষের জবাবে সপ্তাহান্তে দুটি বিমান হামলা চালানো হয়। ওই সংঘর্ষে ইসরায়েলি সামরিক বাহিনীর তিন সেনা গুরুতর আহত হন।

তবে আনসারের সামরিক স্থাপনায় হামলার সময় বেসামরিক মানুষ হতাহত হওয়ার খবরও পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক বাহিনী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দাবি, হামলার সময় নিহত কমান্ডার হাসানের পরিবারের সদস্যরা ওই স্থাপনায় ছিলেন—এ বিষয়টি ইসরায়েলি বাহিনী জানত না।

এদিকে দক্ষিণ লেবাননে হামলার পাশাপাশি গাজা উপকূলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলি নৌবাহিনী জানিয়েছে, গাজা উপকূলজুড়ে ‘আয়রন ওয়াল’ নামে নতুন একটি উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। সমুদ্রপথে সম্ভাব্য হামলা ঠেকাতে এটি ব্যবহার করা হবে।

পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনী নিরাপত্তা অভিযান চালিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কুসরা গ্রামের কাছে দুটি অবৈধ ইসরায়েলি বসতি সরিয়ে দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ বেড়ে যাওয়ার পর এ অভিযান চালানো হয়।

এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বাড়ার মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হিজবুল্লাহর বিরুদ্ধে আরও হামলার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইসরায়েলি সেনা ও নাগরিকদের যারা ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে হামলা চালানো হবে।

লেবাননের জাতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ফলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন