জালিয়াতি ও প্রতারণার অভিযোগের তদন্তের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সায়মা ওয়াজেদ পুতুল। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুসের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সায়মা ওয়াজেদের বিরুদ্ধে চীন ভ্রমণসংক্রান্ত আর্থিক জালিয়াতি, শিক্ষাগত যোগ্যতার ভুল উপস্থাপন এবং বাংলাদেশে অবৈধভাবে জমি অধিগ্রহণের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
গত বছরের শেষ দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাকে বিনা বেতনে প্রশাসনিক ছুটিতে পাঠায়। এর আগে ২০২৫ সালের জুলাইয়ে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ দায়ের করার পর তাকে ছুটিতে পাঠানো হয়।
সায়মা ওয়াজেদ ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি পাঁচ বছর মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
রয়টার্সের হাতে আসা ২০২৬ সালের ৩ জুলাইয়ের একটি চিঠিতে সায়মা ওয়াজেদের আইনজীবীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানান, চীন ভ্রমণসংক্রান্ত আর্থিক জালিয়াতির অভিযোগ সঠিক নয়। তাদের দাবি, নিয়মিত ক্ষতিপূরণের আবেদন প্রক্রিয়ার দায়িত্বে থাকা একজন সহকারীর প্রশাসনিক ভুলের কারণে বিষয়টি ঘটেছে। এ ঘটনায় ৯০১ ডলারের একটি অর্থের কথা উল্লেখ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে সায়মা ওয়াজেদ বলেন, বাংলাদেশে অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুসকে তিনি স্পষ্ট তথ্য দিয়েছিলেন বলেও দাবি করেন।
পদত্যাগপত্রে সায়মা ওয়াজেদ অভিযোগ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তার দায়িত্ব পালনে বাধা দেওয়া হচ্ছে। এ কারণে সংস্থাটির নেতৃত্বের প্রতি তার বিশ্বাস ও আস্থা হারিয়েছে।
টেড্রোসকে পাঠানো পদত্যাগপত্রে তিনি বলেন, তার অঞ্চলের দেশগুলোর সেবা করার জন্যই তিনি আঞ্চলিক পরিচালক পদে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি আন্তরিকতার সঙ্গে সেই দায়িত্ব পালন করে এসেছেন।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনে ক্রমাগত বাধা দেওয়ার কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বের প্রতি তার ‘বিশ্বাস ও আস্থা’ নষ্ট হয়েছে। এ ছাড়া বিনা বেতনে ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের পর প্রায় এক বছর কোনো পারিশ্রমিক না পাওয়ায় তার আর্থিক অবস্থাও অসহনীয় হয়ে পড়েছে বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।
