PRB Post

১৪ আগস্ট, ২০২৬, ১১:৩৪ AMসারাদেশ

চট্টগ্রামে গ্যাস সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রী

PRB Post

১৪ আগস্ট, ২০২৬ এ ১১:৩৪ AM2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গ্যাস সংকটে সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রী

 

চট্টগ্রামে দিনের পর দিন অপেক্ষা করেও সিএনজি গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা।

শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকে নগরের ষোলশহর এলাকায় কয়েকশ চালক সড়কে অবস্থান নেন। এতে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চালকদের অভিযোগ, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না। কখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে স্টেশন কর্তৃপক্ষও নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারছে না।

তারেক মিয়া নামে এক অটোরিকশাচালক বলেন, দুই দিন ধরে গ্যাস না পাওয়ায় গাড়ি চালাতে পারেননি। এতে তার কোনো আয় হয়নি। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

আরেক চালক বাদশা মিয়া বলেন, সারা রাত না ঘুমিয়ে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস পাওয়ার নিশ্চয়তা নেই। দিনের পর দিন এভাবে বসে থাকলে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়ছে।

ভুক্তভোগী চালকদের দাবি, চট্টগ্রাম নগরের প্রায় সব ফিলিং স্টেশনেই একই পরিস্থিতি। কোথাও গ্যাস নেই, আবার কোথাও গ্যাসের জন্য দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

ফিলিং স্টেশনগুলোর কর্মকর্তারা জানান, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদেরও কিছু করার নেই।

এদিকে গ্যাস সংকটের কারণে সড়কে সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় যাত্রীদেরও দুর্ভোগ বেড়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক যাত্রী যানবাহন পাচ্ছেন না।

সড়ক অবরোধের কারণে সকাল থেকেই মুরাদপুর, ষোলশহর ও দুই নম্বর গেইট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাসের জন্য কয়েকশ সিএনজি অটোরিকশা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল রয়েছে। চালকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে গ্যাস সরবরাহের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়তে রাজি নন চালকরা।

আরও পড়ুন