PRB Post

৮ অক্টোবর, ২০২৬, ১:৩৩ AM • জাতীয়

বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ, চুক্তি সই

PRB Post

৮ অক্টোবর, ২০২৬ এ ১:৩৩ AM • 2 মিনিট পড়া
আপডেট: ৮ অক্টোবর, ২০২৬ এ ১:৫৮ AM

অনলাইন ডেস্ক

বিমান বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ, চুক্তি সই

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি আধুনিক উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কুর্মিটোলার একটি হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে দেশের এভিয়েশন খাতের সম্প্রসারণ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার এবং এয়ারবাসের মাধ্যমে দেশে রক্ষণাবেক্ষণ ও মেরামতের (এমআরও) শিল্প গড়ে ওঠার সম্ভাবনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার তাঁর বক্তব্যে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের বড় দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক চুক্তি উভয় অঞ্চলের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং এভিয়েশন খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তাঁর বক্তব্যে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার ওপর জোর দেন।

ইনভেস্ট বাংলাদেশের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, এই চুক্তির মাধ্যমে শুধু উড়োজাহাজ ক্রয়ই নয় বরং ভবিষ্যতে বাংলাদেশে বিশ্বমানের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) শিল্প গড়ে তোলার অপার সম্ভাবনা তৈরি হয়েছে।

এ ছাড়া অনুষ্ঠানে এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ারসহ ইউরোপীয় বিভিন্ন দেশের কূটনীতিক ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই চুক্তির ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে এক নতুন মাত্রা যোগ হবে। এতদিন বিমানের বহরের বড় একটি অংশ মূলত যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির উড়োজাহাজনির্ভর ছিল। এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হওয়ার মাধ্যমে বিমান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়—উভয় বৃহৎ প্রস্তুতকারকের আধুনিক উড়োজাহাজ নিয়ে তাদের বহর পরিচালনা করবে, যা যাত্রীদের সেবার মান বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক রুটে বিমানের প্রতিযোগিতক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।

আরও পড়ুন