PRB Post

২৩ আগস্ট, ২০২৬, ৪:৫৮ PMঅন্যান্য

বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে ইমেইলে হুমকি দিচ্ছে প্রতারক চক্র: ডিবিপ্রধান

PRB Post

২৩ আগস্ট, ২০২৬ এ ৪:৫৮ PM2 মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে ইমেইলে হুমকি দিচ্ছে প্রতারক চক্র: ডিবিপ্রধান

বিভিন্ন দূতাবাস ও সরকারি দপ্তরে ইমেইলের মাধ্যমে চাঁদা দাবি করে একটি প্রতারক চক্র হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। কূটনীতিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই চক্রটি এমন কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানান তিনি।

রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

ডিবিপ্রধান বলেন, ‘সম্প্রতি এমন হয়ে আসছে, এটা নিয়ে আমরা কাজ করতেছি। ওরা মেইল করে হুমকি দিচ্ছে। তারা যে বিকাশ নম্বরগুলো দিয়েছে তিন-চারজনকে নিয়ে এসেছিলাম জিজ্ঞাসাবাদের জন্য। তারা কিছুই জানে না।’

ডিএমপির ডিবিপ্রধান বলেন, ‘তারা দুটো মেইল করেছে। মেইল করে বিকাশ নম্বর দিয়েছে। বিকাশ নম্বরগুলো যাদের, তারা সম্পূর্ণ নিরীহ লোক। তারা এ ব্যাপারে কোনো কিছুই জানে না।’

তবে সম্প্রতি ঢাকায় চিকিৎসকদের ওপর হামলা ও চাঁদাবাজির ঘটনায় জড়িতদের সঙ্গে দূতাবাসে হুমকি দেওয়ার ঘটনায় কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ডিবিপ্রধান।

ডিএমপির অতিরিক্ত কমিশনার আরও বলেন, ‘তিন-চারটা দূতাবাস এবং কয়েকটা সরকারি দপ্তরে অভিযোগ দিয়েছে।’

তিনি বলেন, চক্রটি কয়েকটি ক্ষেত্রে অল্প পরিমাণ অর্থ হাতিয়ে নিতে সক্ষম হয়েছে। তবে বড় ধরনের কোনো সাফল্য তারা পায়নি। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও তিন-চারজন গোয়েন্দা নজরদারিতে রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার ব্যাপারে পুলিশ আশাবাদী।

ডিবিপ্রধান আরও বলেন, চক্রটির বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। তাদের বিরুদ্ধে দেশের অন্য কোনো থানায় আগের মামলা রয়েছে কি না, তা যাচাই করা হয়েছে। প্রাথমিকভাবে এখন পর্যন্ত অন্য কোনো থানায় মামলা পাওয়ার তথ্য নেই। ধারণা করা হচ্ছে, তারা নতুন করে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেছে।

আরও পড়ুন