PRB Post

৩:৫১ PMঅর্থনীতি

ভারতকে হটিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

PRB Post

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫১ PM2 মিনিট পড়া
আপডেট: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫৩ PM

অনলাইন ডেস্ক

ভারতকে হটিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১৩ সেপ্টেম্বর) ফার্স্টপোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাম্প্রতিক তথ্যের বরাতে ফার্স্টপোস্ট জানায়, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্য দাঁড়িয়েছে ১ হাজার ২৬৭ কোটি ডলারে। অন্যদিকে ভারতের সঙ্গে এই বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ৭২ কোটি ডলার, যা যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় ১৯৫ কোটি ডলার কম।

যদিও সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হিসেবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে চীন, তবে এই নতুন পরিবর্তনটি ভারতের জন্য অত্যন্ত তাত্পর্যপূর্ণ। মূলত দিল্লি ও ঢাকার মধ্যে সাম্প্রতিক বাণিজ্যিক বিধিনিষেধ এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্য দিয়েই এই পরিবর্তন সূচিত হয়েছে।

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ তুলনামূলক অনেক বেশি পণ্য ক্রয় করায় এই বাণিজ্য ব্যবধান তৈরি হয়েছে। এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি ২৪৯ কোটি ডলার থেকে ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৫৬ কোটি ডলারে পৌঁছেছে। বিপরীতে ভারত থেকে বাংলাদেশের আমদানি কমেছে প্রায় ৭ দশমিক ৫ শতাংশ এবং ভারতে রপ্তানি হ্রাস পেয়েছে প্রায় ৩ শতাংশ।

যুক্তরাষ্ট্রের শুল্ক সংক্রান্ত নীতি ও আলোচনার অংশ হিসেবে ওয়াশিংটন থেকে ক্রয় বাড়ানোর পদক্ষেপ নেয় ঢাকা, যার ফলে দুই দেশের বাণিজ্যে এই উল্লেখযোগ্য গতি এসেছে। তৈরি পোশাক খাতের কাঁচামাল আমদানির ক্ষেত্রেও ভারতের অবস্থান পিছিয়ে পড়ার চিত্র স্পষ্ট দেখা গেছে।

সূত্র: ফার্স্টপোস্ট
 

আরও পড়ুন