PRB Post

৭:২০ PMজাতীয়

বাংলাদেশ ডেটা সেন্টার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

PRB Post

১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:২০ PM1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ডেটা সেন্টার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

বাংলাদেশ ডেটা সেন্টার পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন | ছবি : সংগৃহীত

 

বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠনে মার্কিন কোম্পানিগুলো প্রতিযোগিতা, বিনিয়োগ এবং বিশ্বমানের উদ্ভাবন নিয়ে এগিয়ে আসতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় শক্তিশালী অংশীদারিত্বের গুরুত্ব অপরিসীম। ওরাকলের প্রযুক্তিতে পরিচালিত বাংলাদেশ সরকারের ক্লাউডভিত্তিক উদ্যোগ মার্কিন উদ্ভাবনের একটি উজ্জ্বল উদাহরণ, যা বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসছে।

এর আগে সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) বিভিন্ন সুবিধা পরিদর্শন করেন ক্রিস্টেনসেন।

রাষ্ট্রীয় মালিকানাধীন ডেটা সংরক্ষণ ও দুর্যোগ পুনরুদ্ধার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিডিসিসিএল তাদের ডেটা সেন্টারগুলোতে ওরাকল ক্লাউড অবকাঠামোর ডেডিকেটেড রিজিয়ন স্থাপন করেছে। কেন্দ্রটি ২০২৪ সালে চালু করা হয়।

এই ডেডিকেটেড রিজিয়নের মাধ্যমে বাংলাদেশের ৩০টিরও বেশি সরকারি সংস্থা ওরাকলের ক্লাউড সেবার পূর্ণ পরিসর ব্যবহার করে উন্নয়ন ও উদ্ভাবন কার্যক্রম পরিচালনা করতে পারছে। একই সঙ্গে সুশাসন, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান মেনে চলা এবং তথ্যের গোপনীয়তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাও বজায় রাখা সম্ভব হচ্ছে।

ক্রিস্টেনসেন তার পোস্টে আরও বলেন, বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের এমন কোম্পানিগুলোকে স্বাগত জানাতে প্রস্তুত, যারা প্রতিযোগিতা, বিনিয়োগ এবং বিশ্বমানের উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের প্রযুক্তি খাতের উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী।

আরও পড়ুন