PRB Post

২ নভেম্বর, ২০২৬, ৩:৩৯ PM • জাতীয়

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মুরাসু

PRB Post

২ নভেম্বর, ২০২৬ এ ৩:৩৯ PM • 2 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে মুরাসু

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মুরাসু’। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ রাত নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে আগামী পাঁচ দিন দেশের তাপমাত্রা আরও কমতে পারে।

সোমবার (২ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পৃথক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি-৮ অনুযায়ী, সোমবার সকাল ৬টায় প্রবল ঘূর্ণিঝড়টি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল। এ সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৪০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৪০০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি সাগর বিক্ষুব্ধ রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী পাঁচ দিনের আবহাওয়া

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সোমবার সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাতে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার (৪ নভেম্বর) রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আর বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে দিন ও রাতের তাপমাত্রা আরও কমার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন