PRB Post

১১:৫০ AM • সারাদেশ

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে শ্রমিকদের অবরোধ

PRB Post

৩ নভেম্বর, ২০২৬ এ ১১:৫০ AM • 1 মিনিট পড়া

অনলাইন ডেস্ক

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে শ্রমিকদের অবরোধ

 

গাজীপুরের নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে এ অবরোধ শুরু করেন তারা।

শ্রমিকরা মহাসড়কের পাশের বর্জ্য এনে সড়কের ওপর স্তূপ করে তাতে আগুন ধরিয়ে দেন। এতে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অটোরিকশা ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচলেও বাধা দেন তারা। একপর্যায়ে মহাসড়কেই ক্রিকেট খেলতে দেখা যায় আন্দোলনরত শ্রমিকদের।

এদিকে, ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকরা শ্রমিকদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণের অনুরোধ জানালে তারা বাধা দেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন সকালে জানিয়েছিলেন, মঙ্গলবার সকাল ৮টার কিছু আগে গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় কয়েকজন শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে কোনো ধরনের সংঘাত ছাড়াই শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

তিনি আরও জানান, মহাসড়কের প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
 

আরও পড়ুন